ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‌‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

 
আজ রবিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা ডাকাত দলের সদস্য। 
 
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন জানান, ডাকাতি ঘটনায় তাদের আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ রবিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় পৌঁছলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য গুলি ছোঁড়ে। এসময় পুলিশ তাদের লক্ষ্য করে তাদের সহযোগীদের গুলিতে বাশার ও আব্দুল হক নামে দুই ডাকাত গুরুতর আহত হন। তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 
 
তিনি আরো জানান, নিহত বাশারের বিরুদ্ধে ৫টি ও আব্দুল হকের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। 
 
পুলিশ জানায়, পুলিশ ১১ রাউন্ড গুলি বর্ষন করে।বাশারের বাড়ি হবিগঞ্জের লাখাই ও আব্দুল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার সুতিয়ারা গ্রামে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 
 
পুলিশের দাবি, এসময় অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন এএসপি সার্কেল মনিরুজ্জামান ফকির, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভুইয়াসহ ৬ জন পুলিশ সদস্য।  
 
ইত্তেফাক/কেকে