শ্রীপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

 
শ্রীপুর থানা থেকে মাত্র ৫০০ গজ দূরে অন্তী অরীন সেন নামে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ৪০ লাখ টাকা ও ৭২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। শনিবার দিবাগত রাতে আড়াইটার এ ঘটনা ঘটে।
 
জানা যায়, শনিবার দিবাগত রাতে ১৫/২০জনের একদল ডাকাত ধারালো রাম দা ও বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে শ্রীপুর সদর বাজারের কাঁচাবাজার রোডের দীপক সেনের মালিকানাধীন অন্তী অরীন সেন স্বর্ণ শিল্পালয়ের শার্টারের তালা কেটে ভেতরে ঢুকে। এসময় ডাকাতরা দোকানের তিনটি সিন্ধুক ভেঙ্গে ৭২ ভরি স্বর্ণ ও ৪০ লাখ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতরা বাজারের পাহারাদারদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে যায়।
 
এদিকে ডাকাতির ঘটনা দেখে দোকান মালিক দীপক অচেতন হয়ে পড়লে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার সকালে শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
শ্রীপুর বাজার ব্যবসায়ী নিরাপত্তা পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমীন খান রতন জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী তিনটি সিন্ধুক ভেঙ্গে ডাকাতির ঘটনা শ্রীপুর বাজারে কখনো হয়নি।
 
দোকান মালিকের ভাই সজীব সেন জানান, তার ভাইয়ের কাছে এলাকার অনেক মানুষ বিশ্বাসের কারণে টাকা পয়সা ও স্বর্ণালংকার জিম্মায় রাখত। আবার অনেক স্বর্ণালংকার বন্ধক হিসেবে তার কাছে রেখে টাকা নিত।
 
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে পুলিশের একাধিক টিম কাজ করছে। মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি