অবশেষে গুরুদাসপুরের ভেজাল খেজুরগুড় তৈরির কয়েকটি কারখানায় অভিযান চালানো হয়েছে। এসময় গুড় ব্যবাসায়ী দুই কারখানা মালিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একটি কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারস্থ এসব কারখানায় রবিবার বেলা ১১টার দিকে ওই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মর্তুজা খান।
এরআগে ১৪ জানুয়ারি ইত্তেফাকে ‘গুরুদাসপুরে বিপজ্জনক রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে খেজুরগুড়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এনিয়ে ইত্তেফাকে ‘সম্পাদকীয়’ প্রকাশ হয়। এতে প্রসাশনের টনক নড়ে।
সংবাদের ভিত্তিতে অভিযানে চালানো হয়। এতে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুরগুড় তৈরির দায়ে ভোক্তা অধিকার আইনে মেসার্স শাহ এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারি বাদশা শাহকে (৫০) একলাখ টাকা জরিমানা এবং খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খেজুরগুড়, অনুমোদনহীন লেভেল ব্যবহার, খেজুরগুড়ে চিনির মিশ্রণের কারণে নাম বিহীন কারখানা মালিক ব্যবসায়ী আজিজ সোনার (৩০) ও ব্যবসায়ী মুক্তার শাহকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি