সিরিয়ার আফরিন এলাকায় ঢুকে পড়েছে তুর্কি সেনারা

উত্তর সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত আফরিন এলাকায় ঢুকে পড়েছে তুর্কি স্থল সেনারা, জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী। বিনালি ইলদিরিম সাংবাদিকদের বলেন, তুরস্কের সেনাবাহিনী আফরিন এলাকা থেকে কুর্দি জঙ্গিদের তাড়িয়ে দিয়ে একটি ৩০ কিলোমিটারব্যাপী ‘নিরাপদ এলাকা’ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে।
 
তবে কুর্দি মিলিশিয়া ওয়াইপিজি এখবর অস্বীকার করেছে। তারা দাবি করছে, তুরস্কের আক্রমণকারীদের হটিয়ে দেয়া হয়েছে। গতরাতে কুর্দিদের নিক্ষিপ্ত একটি রকেট কিলিস নামে একটি সীমান্ত শহরে গিয়ে পড়ে, এরপর তুরস্কের দিক থেকেও তার জবাব দেয়া হয়। ওয়াইপিজি মিলিশিয়ারা বলছে, শনিবার আফরিনে বেশ কয়েকজন বেসামরিক লোকসহ মোট ৯ জন নিহত হয়েছে। গত বেশ কিছুদিন থেকেই তুরস্ক আফরিন এলাকার ওপর গোলা বর্ষণ করছিল। এর পর শনিবার থেকে শুরু হয় বিমান হামলা। 
 
তুরস্ক বলছে, স্থল অভিযান শুরু করার আগে তারা ১৫০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। তুরস্ক সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারাও আফরিন এলাকায় ঢুকছে, এখবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দালু। তুরস্ক ওয়াইপিজিকে একটি সন্ত্রাসী সংগঠন বলে মনে করে এবং তাদের ধারণা তুরস্কে নিষিদ্ধ কুর্দি জঙ্গে সংগঠন পিকেকে’র সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু