যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, মানুষ গড়ার কারখানা হচ্ছে স্কুল, কলেজ ও মাদ্রাসা। আর এসব কারখানার কারিগর শিক্ষকরা। অর্থাৎ এসব কারিগররা যদি ভাল মানুষ তৈরি করতে ব্যর্থ হয় তাহলে জাতি পিছিয়ে পড়বে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারপতি, আইনজীবী, শিক্ষক সবাইকে সৎ এবং দক্ষ হতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের মানসম্মত লেখাপড়ার ওপর জোর দিতে হবে। পড়ার সঙ্গে লেখার উপরও গুরুত্ব বাড়াতে হবে।
তিনি আরো বলেন, মানসম্মত শিক্ষার প্রথম সোপান হলো দক্ষতা অর্জন। ছাত্রছাত্রীরা যাতে জ্ঞান অর্জনের সাথে সাথে দেশপ্রেমিক হয়ে গড়ে ওঠে সে ব্যাপরে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার উষালগ্নে দেশের ৩৮ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তারপর জিয়াউর রহমান, এরশাদ সাহেব, বেগম খালেদা জিয়াসহ বিএনপি জামায়াত জোটের কোন সরকার আর প্রাথমিক শিক্ষাকে জাতীয়করন করেনি। সর্বশেষ জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৬ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করন করে জাতির জনকের যোগ্য উত্তরসুরীর ভুমিকা পালন করেছেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার চলতি বছরে ছাত্রছাত্রীদের মধ্যে ৩৬ কোটি ২২ লাখ নতুন বই বিতরন করে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
এছাড়া এক কোটি ৭৩ লাখ মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদান করা হচ্ছে বলে তিনি জানান। বর্তমান সরকার দেশের অবহেলিত কওমী মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়ে ইসলামী শিক্ষাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এখন থেকে কওমী মাদরাসা থেকে দাওরা হাদীস পাশ করা ছাত্ররা এমএ এর সমমান পাবে। বর্তমান সরকার কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ আরবী বিশ্ববিদ্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, হাজী প্রেরণ প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। তিনি জাতির জনকের ভুমিকা উল্লেখ করে বলেন, বিশ্ব এজতেমার জন্য তিনি বিনামূল্যে জমি দান করেছিলেন।
IMG0
তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, যারা ধর্মের নামে রাজনীতি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের থেকে সর্তক থাকতে হবে।
তিনি বলেন, খুব দ্রুত চৌগাছা সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মান করা হবে।
তিনি বলেন, বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার সামগ্রীক উন্নয়ন ও মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সাথে সাথে শিক্ষার উন্নয়নে সরকার আপোষহীন। কারণস দেশ ও জাতির উন্নয়নের জন্য শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে যে ভূমিকা পালন করে যাচ্ছে তা পূর্বে কেউ করেনি। রবিবার চৌগাছা সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার জন্য শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রয়োজন। সে লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।
বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মানসম্মত শিক্ষা শীর্ষক বিষয়ক আলোচনা সভায় সভপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলী কদর মোঃ সামছুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাজান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম কবীর, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, ফুলসারা ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধূরী, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গৌর চন্দ্র দে, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি এ.বি. সিদ্দিক, সিংহঝুলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহিনা খাতুন, জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম প্রমুখ।
ইত্তেফাক/নূহু