ছাত্রলীগের সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.. বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন। শুধু প্রাচীন সংগঠনই নয়, বাংলাদেশ আওয়ামী লীগের আগে বাংলাদেশ ছাত্র লীগের জন্ম। ভাষা আন্দোলন, ৫৪’র যুক্ত ফ্রন্ট, ৬২’র আন্দোলন, ৬৬’র ৬ দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান ও ৭১ এর মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশের ছাত্র ও যুব সমাজকে উদ্বুদ্ধ হতে হবে।

ভূমিমন্ত্রী রবিবার রাতে পাবনা শহরের দোয়েল সেন্টারে বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে প্রথম পর্বে বক্তব্য রাখেন পাবনা ৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সহ-সভাপতি রাজেশ কুন্ডু, আবদুল বাসেদ গালীব, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম শাহেদ, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন শাহজাদা, পরিবেশ সম্পাদক হাবিবুল্লাহ বিপ্লব, উপ-দপ্তর সম্পাদক আবু সাইদ কনক, উপ-ক্রীড়া সম্পাদক সাহিনুর ইসলাম বকুল সরকার।
 
ভূমিমন্ত্রী শরীফ আরও বলেন, শিক্ষার উন্নয়নে বছরের শুরুতে বই প্রদান, বিভিন্ন বৃত্তি প্রদান করে ছাত্রছাত্রীদের ঝরে পড়া বন্ধসহ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিক্ষাকে আরও বাস্তবমুখী করেছে। এতে শিক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষার মান উন্নত হয়েছে। এখন আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।

ইত্তেফাক/নূহু