হাটহাজারী পৌর এলাকার কাচারী সড়ক সংলগ্ন নির্মানাধীন একটি ভবন থেকে তৈমুর রহমান (৫০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তৈমুর চাঁপাইনবাবগঞ্জ জেলার পাংশা উপজেলার জহিরুল হকের ছেলে।
নিহতের সহকর্মী বাদল কান্তী নাথ জানান, তারা পৌরসভার কাচারী সড়কস্থ আলি মমতাজ কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনের ৬ষ্ঠ তলায় কাজ করছিল। ভবনের দেয়ালে আস্তরের কাজ করার সময় হঠাৎ পার্শ্ববর্তী আরেকটি নির্মাণাধীন ভবনের ফাঁকা জায়গা দিয়ে নিচে পরে গুরুতর আহত হন তৈমুর। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তৈমুর রহমান আলি মমতাজ শপিং কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে রাজ মিস্ত্রির কাজ করছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী হাটহাজারী মডেল থানার এসআই আনিছ আল মাহমুদ জানান, শ্রমিকটি পড়ে মাথায় আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছে বলে শুনেছি। নিহতের লাশ চমেক হাসপাতালে আছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে ভবনের মালিক পক্ষের ম. জসিম উদ্দিন বলেন, কাজের সময় হঠাৎ মাথা ঘুরে শ্রমিকটি নিচে পড়ে গিয়ে মারা যায় বলে শুনেছি। মানবিক কারণে যা যা করতে হয় আমরা করব। থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি