জাপানের আবহাওয়া সংস্থা সোমবার টোকিওতে ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছে। চার বছরের মধ্যে এই প্রথমবারের মতো নগরীটিতে এই সতর্কতা জারি করা হলো। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বৈরী আবহাওয়ার কারণে গণপরিবহনে বিশৃঙ্খলার আশঙ্কায় মানুষকে তাড়াতাড়ি বাড়ি ফেরার অনুরোধ জানিয়েছে আবহাওয়া সংস্থা। তুষারপাতের কারণে টোকিওতে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়ে গেছে। কোনো কোনো এলাকার ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। জাপানের উত্তরাঞ্চল প্রায়ই পুরু তুষারপাতে ঢেকে থাকলেও টোকিওতে এ ধরনের আবহাওয়া দেখা যায় না বললেই চলে।
আবহাওয়া সংস্থার প্রধান পূর্বাভাসকারী তুমারু মাৎসুমোতো মানুষকে কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে দ্রুত বাড়ি ফেরার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘টোকিওতে আজ সন্ধ্যায় ভারী তুষারপাত হবে।’ তিনি সতর্ক করে বলেন, ‘তুষারপাতের কারণে সন্ধ্যায় মানুষের বাড়ি ফেরার সময় গণপরিবহনে সংকট সৃষ্টি হতে পারে।’ এএফপি।
ইত্তেফাক/সেতু