মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে: সাজেদা

 
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, খেলাধুলার পাশাপাশি মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত করতে হবে।
 
তিনি সোমবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে আওয়ামী লীগ শেখ হাসিনা মানেই বাংলাদেশ। আর এই শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। দেশের জনগণকে এখন আর না খেয়ে মরতে হয় না।
 
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপনেতার পুত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন, থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম, সালথা থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান, পুরাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান মিয়া, সাবেক চেয়ারম্যান আ. মান্নান ফকির, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিদ্যলয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ।
 
এর আগে সকালে সংসদ উপনেতা উপজেলার চাদহাট বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যাালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোশারফ হোসেন মোল্যা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরযোশরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মান্নান মোল্যা প্রমুখ।
 
ইত্তেফাক/অারকেজি