গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার দুপুুর দেড়টায় উপজেলার পাগলা থানাধীন ছোট বারইহাটি গ্রামে। এ ঘটনায় পুলিশ উজ্জল (২৫) নামে একজনকে আটক করে থানায় নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন ছোট বারইহাটি গ্রামের বাসিন্দা, নিগুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও মনোহরদী কাটাবাড়িয়া কলেজের গণিত বিষয়ের অধ্যাপক আব্দুল করিমের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী কাজল এবং বাবুল খাঁর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে সোমবার দুপুর দেড়টার দিকে প্রতিপক্ষের লোকজন সশস্ত্র অবস্থায় তাদের উপর হামলা ও কুপিয়ে আব্দুল করিম (৪৮), তার ভাই নূরুল ইসলাম (৫৪) ও ইউনিয়ন যুবলীগের সদস্য আলম শেখকে (২৭) গুরুতর অাহত করে।
পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/আরকেজি