মাদক ব্যবসায়ীরা মাদক সেবন ও মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে না এলে তাদের ঠিকানা হবে জেলখানা। স্পষ্টভাষায় কথাগুলো বলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
গতকাল সোমবার পিরোজপুরের মঠবাড়িয়া কে এম লতিফ ইনস্টিটিউশনের মাঠে মাদক বিরোধী ও কমিউনিটি পুলিশিংয়ের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, ইসলামে জঙ্গীবাদের স্থান নেই। তথাকথিত গুটিকয়েক লোক ধর্মের অপব্যাখা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের অনেক ত্যাগের বিনিময় অর্জিত স্বাধীনতা কতিপয় লোকের কারণে ভূলুণ্ঠিত হতে দেব না। পুলিশের সক্ষমতার কারণে হলি আর্টিজেন ও শোলাকিয়ায় জঙ্গীদের বড় ধরনের নাশকতা নস্যাৎ করে দেয়া হয়েছে। এ দেশে কোনভাবেই জঙ্গী আস্তানা গড়তে দেয়া হবে না।
সমাবেশে পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর