ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বাংলাদেশি গৃহবধূকে শ্লীলতাহানি করেছে এক বিএসএফ সদস্য। সোমবার কলকাতার চিৎপুর স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা সাধারণ ডায়রি (জিডি) করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জিডির কপি রেল মন্ত্রণালয ও রেল সচিব বরাবর পাঠানো হয়েছে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহারুল ইসলাম জানান, বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার আবুল হাসনাত নামে এক ব্যক্তি সোমবার তার স্ত্রীকে নিয়ে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ভারত থেকে ফিরছিলেন। কলকাতার চিতপুর স্টেশনে হাসনাতের স্ত্রী ট্রেনের টয়লেটে যান। এ সময় যাত্রীদের নিরাপত্তায় থাকা এক বিএসএফ টয়লেটে ঢুকে অস্ত্রের মুখে ওই গৃহবধূর শ্লীলতাহানি করে। তার চিৎকারে ট্রেনের অন্য যাত্রীরা ছুটে এসে টয়লেট থেকে তাকে উদ্ধার করে। বেলা সাড়ে ১১টার দিকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে পৌঁছালে হাসনাত বিষয়টি ইমিগ্রেশন পুলিশকে জানান। পরে এ ঘটনায় একটি সাধারণ ডায়রি করা হয়।
তিনি আরো জানান, ঘটনাটি স্পর্শকাতর, এ জন্য সাধারণ ডায়রি করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জিডির কপি রেল মন্ত্রণালয ও রেল সচিব বরাবর পাঠানো হয়েছে।