সাংবাদিক মানিক সাহা হত্যা মামলা: গ্রেফতারকৃত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে

 
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল বেপারীকে (৪১) জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা সদর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মিজানুর রহমান যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল বেপারীকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেন। এর আগে সোমবার রাত ১১টার দিকে সাতক্ষীরা বাসস্ট্যান্ড থেকে র‌্যাব-৬ সদস্যরা বিল্লাকে গ্রেফতার করে। 
মানিক সাহা হত্যা মামলায় ২০১৬ সালের ৩০ নভেম্বর ৯জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার। 
 
উক্ত মামলার দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সুমন ওরফে নুরুজ্জামান, বুলবুল ওরফে বুলু, আকরাম ওরফে বোমারু আকরাম, আলী আকবর ওরফে শাওন, সাত্তার ওরফে ডিস্কো ছাতার, বিল্লাল বেপারী, মিথুন, সরোয়ার ওরফে সরো, সাফায়াত ওরফে শওকত ওরফে সাকা। এদের মধ্যে বিল্লাল বেপারীসহ সাত্তার ওরফে ডিস্কো ছাত্তার, মিথুন, সরোয়ার ওরফে সরো, সাফায়াত ওরফে শওকত ওরফে সাকা পলাতক ছিলেন। 
 
উল্লেখ্য, ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে প্রকাশ্য দিবালোকে খুলনা প্রেসক্লাবের অদূরে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মানিক চন্দ্র সাহা। খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মানিক সাহা বিবিসি, দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন এবং নিউ এইজ পত্রিকায় কর্মরত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি