সরকার গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করে দিচ্ছে: সাজেদা

 
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করে দিচ্ছে। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে এবং দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। যাদের জায়গা আছে কিন্তু ঘর নাই, তাদের গৃহ নির্মাণ করে দিচ্ছেন এ সরকার। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
 
তিনি মঙ্গলবার সকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় তালমা মোড় আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলায় যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ আশ্রয়ন-২ প্রকল্প কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। একটি মহল দেশের স্বাধীনতা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
 
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মো. বদরুদ্দোজা শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) এফএম মহিউদ্দিন, নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম, সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান, ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, কাজী আবুল কালাম, আরিফুর রহমান পথিক প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি