লাল ফিতার জায়গায় ভারতে এখন লাল কার্পেট এসেছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতে লাল ফিতার দৌরাত্মের দিন নেই, এখানে সেখানে লাল কার্পেট পাতা হয়েছে। তিনি বিদেশিদের বিনিয়োগ করার আহবান জানিয়ে বলেন, ভারতে ব্যবসার পরিবেশ সহজ এবং গতিশীল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। খবর এনডিটিভি’র

প্রধানমন্ত্রী মোদী বলেন, ২০২৫ সালের মধ্যে ভারতের অর্থনীতি হবে পাঁচ ট্রিলিয়ন ডলারের। মোদী বলেন, রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্মই ভারতের মূল মন্ত্র। ব্যাংকিং ব্যবস্থায় সরকার পরিবর্তন এনেছে উল্লেখ করে মোদী বলেন, সকলের সঙ্গে সকলের উন্নয়নই ভারতের  প্রধান লক্ষ্য। তিনি সন্ত্রাসবাদের প্রসঙ্গ টেনে বলেন, বর্তমান বিশ্বে শিক্ষিতরাও সন্ত্রাসবাদে যোগ দিচ্ছে। এটা উদ্বেগের বিষয়। তিনি বলেন, জলবায়ুর পর বড় হুমকি হচ্ছে সন্ত্রাসবাদ। মতভেদ থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখার কথা উল্লেখ করে বলেন, ভারত হচ্ছে স্বাধীনতার স্বর্গ যেখানে বিভেদের দেয়াল থাকতে পারে না। এজন্য ভারত সবসময়ই ঐক্যের ওপর জোর দেয়।

ইত্তেফাক/নূহু