ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে মহড়া!

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন একটু ফুসরত পেলেই মেতে ওঠেন ক্ষেপণাস্ত্র পরীক্ষায়। এর সাথে সমপ্রতি যোগ হয়েছে ক্ষেপণাস্ত্রের বোতাম টিপে যুক্তরাষ্ট্র আর জাপানকে উড়িয়ে দেয়ার হুঙ্কার। ক্ষেপণাস্ত্র নিয়ে কিমের এই দাদাগিরির জন্য চরম আতঙ্কে রয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানবাসী। যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিবাদ জানালেও জাপানের জনগণ বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন।

 

ইতিমধ্যে একবার জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষেপণাস্ত্র হামলা সংক্রান্ত একটি ভুল সতর্কবার্তা জারি করে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো হয়েছে। তাই সত্যি সত্যি হামলা হলে কী হতে পারে সেই চিন্তা থেকে জাপানে মাঝে মধ্যেই মহড়া চালানো হচ্ছে।

 

মহড়ার অংশ হিসেবে এদিন টোকিওর রাস্তায় নেমে আসেন আড়াইশর মতো মানুষ। মাইকে ঘোষণা করা সতর্কবার্তায় বলা হচ্ছে, উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র উঁড়ে আসছে জাপানের দিকে। ব্যস্ত শহর ততক্ষণাত্ তটস্থ! অফিস, রেস্তোঁরা, স্টেশন-যে যেখানে পেরেছেন, ছুটে নিরাপদ জায়গা খুঁজে নিচ্ছেন। কয়েক মিনিট পর মাইকে ফের জানানো হয়, ভয় কেটে গিয়েছে। প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। এই মহড়ার মতোই জাপানের বিভিন্ন জায়গায় এভাবেই মহড়া পরিচালনা করছে প্রশাসন। -রয়টার্স

ইত্তেফাক/নূহু