প্রেমের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন স্কুলছাত্রী মর্জিনা খাতুন (ছদ্ম নাম)। প্রেমিকার মারা যাওয়ার খবর শুনে প্রেমিক ইসলাম হোসেনও (১৮) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের বেনীপুর গ্রামে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বেনীপুর গ্রামের জনৈক ব্যক্তির স্কুলপড়ুয়া ১৪ বছর বয়সের মেয়ের সাথে পার্শ্ববর্তী মাদিলা গ্রামের নুর মোহাম্মাদের কলেজ পড়ুয়া ছেলে ইসলাম হোসেনের (১৮) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসলে বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হয়। এরপর মেয়ের পরিবারের লোকজন মেয়েটিকে শাসন করেন। বিষয়টি জানার পর গত সোমবার প্রেমিক ইসলাম হোসেন তার দুই বন্ধুকে সাথে প্রেমিকার সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। ইসলাম হোসেন সেখান থেকে চলে আসার পর প্রেমিকা বিষপানে আত্মহত্যা করে। প্রেমিকার আত্মহত্যার খবর পেয়ে প্রেমিক ইসলাম হোসেনও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। ইসলামের বিষপানের বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনায় স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা দাবী করেন, গত সোমবার সন্ধ্যায় ইসলাম তার বাড়িতে প্রবেশ করে মেয়েটিকে গলাটিপে হত্যা করে। হত্যার এক পর্যায়ে ইসলাম ও তার বন্ধুরা মিলে তার মেয়ের মুখে বিষ ঢেলে দেয়। খবর পেয়ে রাতেই বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহত স্কুল ছাত্রীর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ বুধবার নিহত স্কুলছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, নিহত স্কুল ছাত্রীর লাশটি ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।
ইত্তেফাক/এসএস