‘শিক্ষার মানোন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ বলেছেন, গত কয়েক বছরের আন্তরিক প্রচেষ্টা ও ক্রাস প্রোগ্রাগমের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের সেসন জট কমিয়ে এনেছি। এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার মানোন্নয়ন। এ ব্যাপারে অনেক পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে পাঠদানে গুণগত পরিবর্তন আনা। এরই প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ২ হাজার ২৫০ জন অধ্যক্ষ নিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি শিক্ষা সমাবেশের আয়োজন করা হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে আমরা অচিরেই আইটি বেজড জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তুলব।
 
বুধবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের সভাকক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য অধ্যক্ষদের অংশগ্রহণে শিক্ষা সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 
 
এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত ১০টি স্থাপনা ও ১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন এবং ২০১৬ সালে কলেজ পারফরমেন্স র‌্যাংকিং-এ নির্বাচিত সেরা ৭টি কলেজকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হবে। এবারের শিক্ষা সমাবেশের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান ও প্রফেসর ড. হাফিজ মো: হাসান বাবু, ট্রেজারার প্রফেসর নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসাইন, কলেজ পরিদর্শক ড. মো. মনিরুজ্জামান, ডীন মো. আনোয়ার হোসেন ও প্রফেজর ড. মো. নাসির উদ্দিন।
 
ইত্তেফাক/এমআই