জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ এখন ভাল নাই। ৬০ টাকা দিয়ে চাল কিনে খেয়ে মানুষ ভাল থাকতে পারে না। বিশেষ করে উত্তরাঞ্চরের মানুষ অনেক কষ্টে আছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললে খুন, হত্যা, ধর্ষণ ছাড়া আর কিছু পাওয়া যায় না। আমার শাসন আমলে এমন ঘটনা ছিল না। তাই দেশের মানুষ আজ পরিবর্তন চায়, পরিবর্তনের লক্ষেই রংপুর সিটি কপোরেশন নির্বাচনে মধ্যে দিয়ে জয়যাত্রা শুরু হয়েছে জাতীয় পার্টির। এই জয়যাত্রার ধারা অব্যাহত রাখতে সুন্দরগঞ্জ আসনে এবার জয় হবে জাতীয় পার্টির।
বুধবার দুপুর দেড়টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, রংপুরের মানুষের দুঃখ কেউ বোঝে না। এ অঞ্চলের খবর কেউ রাখে না। কিন্তু জাতীয় পার্টি এ অঞ্চলের মানুষের দুঃখ বোঝে। তাই তো জাতীয় পার্টির সময়ে রংপুরের উন্নয়ন হয়েছে। এ কারণে সুখে-শান্তিতে বাঁচতে আর উন্নয়নের লক্ষে লাঙলে ভোট দিতে হবে।
তিনি বলেন, জাতীয় পার্টির দখলে ছিল গাইবান্ধার ৫টি আসন। কিন্তু এখন একটি আসনও দখলে নেই। তাই গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে একজন ভালো মানুষ, একজন শিক্ষিক মানুষ হিসেবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে ভোট দিয়ে নির্বাচিত করে জাতীয় পার্টিকে জয়যুক্ত করতে হবে।
আগামী ১৩ মার্চ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপদেষ্টা ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব বীরমুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের, রংপুর সিটি কপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাফা, সাবেক এমপি ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ আবদুর রশিদ সরকার, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ কারণে আসনটি শূন্য হয়।