নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মহিলা পরিষদের মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বাগেরহাট সরকারি পিসি কলেজ, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুল, আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন এনজিও কর্মীরা অংশ নেন। মানববন্ধন থেকে নুসরাতকে যৌন হয়রানী ও পরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত মাদ্রাসা অধ্যক্ষ সিরাজদ্দৌলাসহ সকল আসামিকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
আরও পড়ুন: নুসরাতের কবর জিয়ারতে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা
মানববন্ধনে শিক্ষকরা বলেন, নুসরাতকে পুড়িয়ে হত্যা করে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজদ্দৌলা শিক্ষকদের কলঙ্কিত করেছেন। তাই এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট মহিলা পরিষদের সহসভাপতি রহিমা জলিল, লিগ্যাল এইড সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, শাপলাফুলের নির্বাহী পরিচালক রেহানা পারভীন লাকি, বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারহানা আক্তার, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ্বাস।
ইত্তেফাক/এমআরএম