ঝালকাঠি ও বরিশাল দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে টানা ৩৬দিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। এর ফলে সকাল থেকে ঝালকাঠির সড়ক ব্যবহার করে খুলনা, পিরোজপুর ও বরগুনার সঙ্গে সরাসরি বরিশাল থেকে যাত্রীবাহী বাস চলাচল করেছে।
ঝালকাঠি বাস মালিক সমিতির নেতারা জানান, আগামী মাসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরিশাল সফর করবেন। এ উপলক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার ও ঝালকাঠি জেলা প্রশাসকের অনুরোধে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঝালকাঠি ও বরিশাল বাস মালিক সমিতির দ্বন্দ্ব নিরসনে বৈঠকের দিন ধার্য করা হয়েছে। এদিন উভয় পক্ষের কথা শুনে বিভাগীয় কমিশনার সিদ্ধান্ত দিবেন। যদি ন্যায্য হিস্যার দাবি পূরণ না হয়, তাহলে পুনরায় এসব রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঝালকাঠি বাস মালিক সমিতির নেতারা।
ন্যায্য হিস্যার দাবিতে ঝালকাঠি বাস ও মিনি বাস মালিক সমিতি গত ১৮ ডিসেম্বর থেকে ঝালকাঠির সড়ক ব্যবহার করে বরিশাল বাস মালিক সমিতির ২২টি গাড়ি দক্ষিণাঞ্চলে প্রবেশ বন্ধ করে দেয়। ফলে টানা ৩৬দিন চড়ম দুর্ভোগ মাথায় করে ভেঙে ভেঙে এসব রুটে যাতায়াত করে আসছিল যাত্রীরা।
ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় কমিশনার আমাদের দুই মালিক সমিতির সঙ্গে বৈঠক করবেন। সেখানে আমাদের দাবিগুলো তাকে জানাব, তিনি সবার কথা শুনে ব্যবস্থা নিবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আপাতত আমরা সব রুটে বাস চালাচ্ছি। যদি সমস্যার সমাধান না হয়, তাহলে ১০ ফেব্রুয়ারি থেকে পুনরায় বাস চলাচল বন্ধ করা হবে।
ইত্তেফাক/আরকেজি