স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন সময় মতোই শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। বিএনপি যদি নির্বাচন না করেন তাহলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।
তত্ত্বাবধায়ক সরকার গোরস্থানে চলে গেছে, শেখ হাসিনার অধীনেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৮ কোটি টাকা ব্যয়ে পাঁচ একর জায়গার উপর নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জেলা সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মহী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. মো. আবু সাঈদ। সমাবেশে জেলা এবং উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি