কুষ্টিয়ায় গৃহবধূ কাকলী খাতুনের ওপর এসিড নিক্ষেপ মামলার রায়ে এক আসামির ১৪ বছর ও অপর দুই আসামির সাত বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে তাদেরকে যথাক্রমে ৫০ হাজার ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডাদেশ প্রাপ্ত তিন আসামি হলেন- খোকসা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হালিম শেখের ছেলে হাফিজ শেখ (৩০), শোমসপুর গ্রামের জালাল বিশ্বাসের ছেলে রাজিব বিশ্বাস (২৮) ও কোন্দলবিলা গ্রামের শাহজাহানের ছেলে জুয়েল রানা (২৯)।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর গভীর রাতে খোকসা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শ্বশুর বাড়িতে ঘুমন্ত অবস্থায় জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে গৃহবধূ কাকলী খাতুনের ওপর এসিড নিক্ষেপ করে একই গ্রামের হাফিজ শেখ ও তার সহযোগিরা। এতে কাকলী খাতুনের মুখ ঝলসে যায়। এ ঘটনার পর কাকলীর বাবা জামিল শেখ বাদী হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেন।
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণা করার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
ইত্তেফাক/আরকেজি