জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া অসাধু ব্যবসায়ী এবং অর্থপাচারকারীদের সতর্ক করেছেন। দেশ থেকে পাচার হওয়া বিশাল পরিমাণ অর্থ শনাক্ত করা এবং এসব অর্থ উদ্ধারে বিশেষ গুরুত্ব দেয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, অসাধুরা যাতে বুঝতে পারে ধরা পড়লে খবর আছে।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজ ২৬ জানুয়ারি বাংলাদেশেও দিবসটি পালন করা হবে।
আর্থিক অনিয়ম কিংবা অর্থপাচার ধরতে সরকারের গঠন করা বিশেষায়িত ইউনিট বিএফআইইউ’র সঙ্গে আগামী সপ্তাহ নাগাদ একটি চুক্তি করতে যাচ্ছে এনবিআর। এ বিষয়টি তুলে ধরে এনবিআর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, বিএফআইইউ’র সঙ্গে সমন্বয় করে এনবিআর কাজ করবে। এর মাধ্যমে অর্থপাচার তদন্ত করব। আন্তর্জাতিক পর্যায়েও যোগাযোগ এবং তথ্য আদান-প্রদান করব। পাচারকৃত অর্থ চিহ্নিত হলে কী উপায়ে ফিরিয়ে আনা যায়, সে চেষ্টাও করব। একই সঙ্গে পণ্যের চালান কোথায় যায় তাও বাণিজ্য মন্ত্রণালয়ের বিধি-নিষেধের আওতায় বাস্তবায়ন করবো।
ইত্তেফাক/ইউবি