দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রূপালী ব্যাংকের সাবেক ৩ কর্মকর্তার ৪ বছরের কারাদণ্ড প্রদান করেছেন রংপুরের বিশেষ জজ আদালত। বুধবার আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার রূপালী ব্যাংক বড়খাতা শাখা ব্যবস্থাপকসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে এই রায় প্রদান করেন।
জানা যায়, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা রূপালী ব্যাংক শাখার ব্যবস্থাপক তৈয়ব হোসেন খন্দকার, সেকেন্ড অফিসার ওয়াহেদ আলী ও ক্যাশ অফিসার মজিবর রহমান কর্মরত থাকাকালীন (২০০৪-২০০৫) দোয়ানী শাখার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রদত্ত ১০ লাখ টাকার মধ্যে ৭ লাখ টাকা ব্যাংক হিসাবে জমা করেন। বাকি ৩ লাখ টাকা আত্মসাত করেন। পরে তারা ৩জনই অবসর গ্রহণ করেন। এ ঘটনা জানাজানি হলে বড়খাতা রূপালী ব্যাংক শাখা ব্যবস্থাপক ইলিয়াছ হোসেন বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি দুদকের কাছে পাঠানো হয়।
দুদকের তৎকালীন উপ-পরিচালক আখতার হোসেন মামলাটি তদন্ত করে লালমনিরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০০৮ সালের ১৯ আগস্ট অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরবর্তীতে বিচারের জন্য রংপুরের বিশেষ জজ আদালতে পাঠানো হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার গতকাল বিকেলে আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
রায়ে পৃথক ২টি ধারায় আসামি ৩জনের ২ বছর করে ৪ বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডসহ ৩ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার আদেশ প্রদান করেন। আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী, আব্দুল হক প্রামানিক ও রইচ উদ্দিন বাদশা।
ইত্তেফাক/আরকেজি