রাজধানীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর ধানমন্ডি ক্যাম্পাসে গতকাল এই মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ স্ব-শিক্ষিত উদ্ভাবকরা তাদের ১৭৭টির অধিক প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে। এছাড়াও বিসিএসআইআর-এর গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ড এবং এ প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রকল্প নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত ও বিসিএসআইআর এর চেয়ারম্যান মো. ফারুক আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াফেস ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান গবেষণার জন্য পরিবেশ ও অবকাঠামো এবং প্রয়োজনীয় তহবিল দিচ্ছেন। আধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তির সম্প্রসারণ ঘটছে। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে ছেলেমেয়েরা বিশ্বময় বিচরণ করছে। তাদের জ্ঞান, প্রতিভা সর্বময় কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ঘটাতে হবে।
মো. আনোয়ার হোসেন বলেন, এ সরকার বিজ্ঞান ও প্রযুক্তিকে বিশেষ গুরুত্ব দিয়ে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে।
অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত খুদে গবেষকদের বলেন, আমাদের অনেক বিখ্যাত গবেষক প্রয়োজন, এ দায়িত্ব তোমাদের হাতে রইল। তোমরাই পারবে আমাদের সংকল্পকে সার্থক করতে।
বিসিএসআইআর-এর চেয়ারম্যান মো. ফারুক আহমেদ বলেন, আমরা নতুন প্রজন্মের চিন্তার মধ্যে ভবিষ্যত্ সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই।
ইত্তেফাক/নূহু