চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় বাসের ধাক্কায় যাত্রীবাহী লেগুনার (ম্যাজিক গাড়ি) মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাত যাত্রী নিহত হয়েছেন। এ সময় লেগুনার যাত্রী শিশুসহ ৫জন নারী-পুরুষ আহত হন।
শনিবার দুপুর ১২টার দিকে কক্সবাজার মহাসড়কে উপজেলার বরইতলীস্থ নতুন রাস্তা মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, লোহাগাড়া উপজেলার আলী আহমদের ছেলে জহিরুল ইসলাম (১৩), তার বোন শামসুন্নাহার (২৪), চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জদু মিয়ার মেয়ে রোকসানা (২০)। এছাড়া তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তি ও অন্যান্য আহতের পরিচয় সনাক্ত করা যায়নি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে চালককে শ্বাসরোধে হত্যা, প্রাইভেটকার ছিনতাইয়ের চেষ্টা
চিরিংগা হাইওয়ে পুলিশ পরিদর্শক (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘শনিবার দুপুরের দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছে সড়কের পাশে দাঁড়ানো লেগুনা গাড়িতে ধাক্কা দেয়। এসময় গাড়িতে থাকা পাঁচযাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অজ্ঞাত এক যুবককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’ আহতদের মধ্যে গুরুতর দুই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/কেকে