রংপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

রংপুর মহানগরীতে স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। ঘাতক স্বামীর নাম মজিবর রহমান (৪০)। নিহতের নাম শাহাজাদী বেগম (৩৮)। তবে সে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেছে।

শনিবার সকাল আটটার দিকে রংপুর মহানগরীর রামপুর-পার্বতীপুর এলাকাতে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শাহাজাদী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই সন্তানের জনক মজিবর রহমানের পরিবারে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলে আসছিল। স্ত্রী শাহাজাদী প্রায়ই তার স্বামীকে পরকীয়া করতে বাধা দিতো। এ নিয়ে উভয়ের মধ্যে কলহ সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার মধ্যরাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর শাহাজাদীকে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী মজিবর।

তবে মজিবরের পরিবারের দাবি, শাহাজাদী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলো। তাকে হত্যা করা হয়নি। স্বাভাবিক মৃত্যুই হয়েছে। শাহাজাদী হত্যার বিচার দাবি করে তার ভাই মনির হোসেন জানান, ‘মজিবরকে পরকীয়াতে বাধা দেওয়ায় তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করেছে।’

আরও পড়ুনঃ এনায়েতপুরে পৃথিবীর বৃহৎ সন্দেশ, গিনেস বুকে নাম তোলার দাবি

এ ব্যাপারে রংপুর মহানগর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘পরকীয়ার জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ছিলো বলে আমরা জানতে পেরেছি। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মজিবরকে আটক করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু