স্কুলছাত্র সিয়াম হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার

 
খুলনায় স্কুলছাত্র খলিলুর রহমান সিয়াম হত্যা মামলার প্রধান আসামি রনি ওরফে বড় রনিকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশ তাকে খুলনায় নিয়ে আসা হয়।
 
গ্রেফতারকৃত রনি খুলনা নগরীর টুটপাড়া এলাকার বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকার হাবিবুর রহমানের ছেলে।
 
পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে ২০১৭ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যার পর খুলনা নগরীর চানমারি মেছের সড়ক এলাকায় এসএসসি পরীক্ষার্থী সিয়ামকে কুপিয়ে হত্যা করা হয়। সিয়াম নগরীর চানমারি চতুর্থ গলি এলাকার বাসিন্দা আয়নাল হকের ছেলে এবং রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
 
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান জানান, হত্যা মামলার আসামি বড় রনি চট্টগ্রামে অবস্থান করছে- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে যায়। গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে গতকাল বৃহস্পতিবার রাতে খুলনায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সিয়াম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
 
ইত্তেফাক/এসএস