কমলগঞ্জে ট্রাক চাপায় স্বামী নিহত, স্ত্রী আহত

 
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ এলাকায় ট্রাকের চাপায় এক স্বামী নিহত ও তার স্ত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত স্বামীর নাম- নূরুল ইসলাম (৩৮)। তার বাড়ি উপজেলার কালাছড়া গ্রামে। তার আহত স্ত্রীর নাম- সালমা আক্তার (৩০)।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর বাজার থেকে আসার পথে মোটরসাইকেলযোগে ওই স্বামী-স্ত্রী আসছিলেন। পথিমধ্যে মাটিয়া মসজিদ এলাকায় আসার পরেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তারা মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এসময় ঘটনাস্থলেই স্বামী নূরুল ইসলাম মারা যান। তার স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
 
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোকতাদির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে এবং তাদের লাশ উদ্ধারের কার্যক্রম চলছে। ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
 
ইত্তেফাক/এসএস