অনেকদিন নিয়মিত সিনেমা করছেন না বলিউড তারকা কাজল। তবে বছরে একটি সিনেমায় পাওয়া যাচ্ছে তাকে। সেই ধারাবাহিকতায় এ বছর তাকে নতুন একটি সিনেমায় দেখা যাবে। এরিমধ্যে সিনেমাটির কাজ শুরু করেছেন তিনি। ‘এলা’ শিরোনামে সিনেমাটি প্রযোজনা করছেন তার স্বামী অজয় দেবগণ।
সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের নতুন ছবি নিয়ে কথা বলেন তিনি। সেখানে ছবির গল্পও বলে দিলেন কাজল। একক মাতৃত্বের গল্প। ছবিতে দেখা যাবে কাজল ওরফে এলা এক ডিভোর্সি মা। সন্তান পালন করার পাশাপাশি সে নিজেও জীবনে দাঁড়াতে চায়। গায়িকা হিসেবে নাম করতে চায়। একজন মহিলার জীবনের এই লড়াইটা তুলে ধরা হয়েছে এলা ছবিতে।
সিনেমার ক্ষেত্রে তার অনিয়মের কারণ হিসেবে ভারতের একটি গণমাধ্যমে কাজল বলেন, ‘ঘর সামলে সারাবছর সিনেমা করা যায় না। ক্যারিয়ারে যখন আমি নিয়মিত ছিলাম তখন অনেক সিনেমায় কাজ করেছি। তখন সময় ছিল। কিন্তু এখন বছরে একটি সিনেমাতেই আমি খুশি।’
ইত্তেফাক/মোস্তাফিজ