কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবী আর নেই। শুক্রবার ভোরে বালিগঞ্জ সার্কুলার রোডে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তিনি দির্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সুপ্রিয়া দেবীর চিকিৎসক জানিয়েছেন, ভোর ৬টার দিকে বাথরুমে যাওয়ার পরেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে বাড়িতেই তার মৃত্যু হয়।
সুপ্রিয়া দেবীর বয়স হয়েছিল ৮৩ বছর। বাংলা চলচ্চিত্র দুনিয়াকে তিনি তার অভিনয়ের মাধ্যমে সমৃদ্ধ করেছিলেন। তবে শুধু বড় পর্দা নয়, তিনি মঞ্চে অভিনয় করেও একই ভাবে প্রশংসা পেয়েছেন।
তার প্রথম ছবি ‘বসু পরিবার’। ঋত্বিক ঘটক পরিচালিত ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০) ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া, ‘কোমল গান্ধার’ (১৯৬৪), ‘লাল পাথর’, ‘চৌরঙ্গী’ (১৯৬৮) ছবিগুলি চলচ্চিত্র জগতে চিরন্তন হয়ে থাকবে। সোনার হরিণ, শুন বরনারী, উত্তরায়ন, সূর্য্যশিখা, সবরমতী, মন নিয়ে-এর মতো বহু ছবিতে উত্তমকুমারের বিপরীতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তাকে।
সুপ্রিয়ার দেবীর মৃ্ত্যুতে শোকের ছায়া নেমেছে টলিউডে। তিনি ‘বেণুদি’ নামে পরিচিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ইত্তেফাক/ইউবি