মুক্তিযোদ্ধার স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

 
সোনাগাজী পৌর এলাকার ৮নং ওয়ার্ড থেকে শুক্রবার সকালে শাহানারা আক্তার (৫৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলামের স্ত্রী।   
 
হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও দা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শেখ সিরাজুল ইসলাম, গৃহ পরিচারিকা হালিমা খাতুন ও গৃহ কর্মচারী মো. রানাকে আটক করেছে পুলিশ।  
 
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে তার শয়ন কক্ষে খাটের উপর ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
 
পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে স্বামীসহ গৃহ কর্মচারীরা গলাকেটে হত্যা করতে পারে। এদিকে আটককৃত সিরাজুল ইসলাম ঘটনার জন্য কাউকে দায়ী না করে বলেন, তার স্ত্রী দীর্ঘ দিন ধরে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। তার ধারণা নিজে নিজে ছুরি দিয়ে গলাকেটে আত্মহত্যা করতে পারে।
 
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. হারুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি গলকেটে হত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি