খালেদা জিয়া রায়ের প্রহর গুনছে : খালিদ

খালেদা জিয়ার পুরো পরিবারকেই ‘দুর্নীতিগ্রস্ত’ পরিবার বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুর্নীতির মামলার রায়ের প্রহর গুনছে খালেদা জিয়া। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিকের দায়িত্ব এই দুর্নীতিগ্রস্ত খালেদা জিয়াকে রাজনৈতিক ভাবে পরিহার করে, বিশ্বের স্বীকৃত সৎ ও কর্মঠ নেত্রী মানবতার বাতিঘর শেখ হাসিনার উপর আস্থা রাখা।
 
আওয়ামী লীগের সাংগঠনিক জেলা সফরের প্রথম দিনে শুক্রবার বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন। জেলার সার্কিট হাউজের সামনের খোকন পার্কে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। 
 
খালিদ বলেন, এদেশে দুর্নীতির গোড়াপত্তন করেন জিয়াউর রহমান। দুর্নীতির উপর ভর করে ক্যান্টনমেন্ট থেকে বিএনপির জন্ম। জিয়া মারা যাওয়ার পর খালেদা জিয়া রাষ্ট্রীয় টাকা নিলেও তার দুই ছেলেকে মানুষ করতে পারেননি। বড় ছেলে তারেক রহমান দুর্নীতির দায়ে পলাতক। আরেক ছেলে মাদকাসক্ত হয়ে মারা গেছে। খালেদা জিয়ার নিজের সামনেও দুর্নীতির মামলা। এতিমের টাকা মেরে খাওয়ার দুর্নীতির মামলার রায়ের প্রহর গুণছেন।
 
তিনি বলেন, দেশের মানুষ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করলে কোন দুর্নীতিবাজ ও স্বাধীনতাবিরোধীকে কেউ ক্ষমতায় দেখতে পারেন না। তাই দেশকে এগিয়ে নিতে সততা ও মানবিকতার প্রতীক, উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনার নেতৃত্বে দলের নেতা-কর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
 
আলোচনা সভায় আগামী নির্বাচনী কর্মকাণ্ড, সাংগঠনিক শক্তি বাড়াতে করণীয় সম্পর্কে দলের নেতা-কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্ণেল অব. ফারুক খান।
 
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মজিবুর রহমান মজনুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, হাবিবর রহমান এমপি প্রমুখ।
 
ইত্তেফাক/ রেজা