প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, বিল্ডিং যতো মজবুত করে বানান তা একদিন ভেঙ্গে যাবে। ছাত্রদের যদি মজবুত বানান ওরা একসময় দেশকে মজবুত করে দেবে। শুক্রবার শেষ বিকেলে নাগেশ্বরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন শেষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা। তাই আপনারা চোখ বন্ধ করে ধ্যানে দেশকে দেখুন, আপনার অন্তর বিকশিত হবে। পেশার প্রতি মনোনিবেশ করেন তাহলে দেখবেন দেশটা একদিন বদলে যাবে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ জাফর আলী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত রংপুর বিভাগীয় উপ-পরিচালক সিরাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক রাশেদা মমতাজ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হক প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগ সভাপতি জাহেদুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি মজিবুর রহমান বীরবল, তরুণ শিল্পপতি মাজহারুল ইসলাম, জেলা মহিলালীগ সভাপতি মনিরা ইসলাম প্রমুখ।
এর আগে তার শুভাগমনে শিশুদের পরিবেশনায় স্কুল মাঠে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি।
ইত্তেফাক/এমআই