আসন্ন ‘হিচকি’ ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ছবিটির প্রচারে সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন জি বাংলার জনপ্রিয় কুইজ শো দাদাগিরিতে।
অনুষ্ঠানের শুটিংয়ের ফাঁকে উপস্থাপক সৌরভ গাঙ্গুলীকে তার খেলোয়াড়ি জীবনের ‘হিচকি’ বা বাধা নিয়ে প্রশ্ন করেন রানী।
সৌরভকে রানী বলেন, ‘সৌরভ, আপনি ক্রিকেটের ড্রাইভের জন্য বিখ্যাত। আমার মনে আছে, আমরা আপনার ড্রাইভ বা ছক্কার মারে উল্লাস করেছি। কিন্তু আপনার খেলোয়াড়ি জীবনের হিচকি বা বাধাটা কি, যা আপনার জীবনে বারবার ফিরে এসেছে?’
উত্তরে সৌরভ বলেন, ‘সাধারণভাবে হিচকি বলতে বোঝায় আপনার পানির প্রয়োজন। আমি খুবই খুশি হয়েছি যে একজন মা হওয়ার সময় তার বাধা বা হিচকির কথা এখানে বলেছেন। তেমনি ক্রিকেটীয় জীবনেও হিচকি রয়েছে। ক্রিকেটীয় জীবনে চলচ্চিত্রের মতোই প্রতিযোগিতা রয়েছে। এ ছাড়া আপনি অনুশীলন করছেন, শারীরিকভাবে ফিট থাকার চেষ্টা করছেন; কিন্তু কোনো কিছুই আপনার পক্ষে যাচ্ছে না। এটিই হচ্ছে আপনার খেলোয়াড়ি জীবনের মানসিক বাধা বা হিচকি।’
ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মুক্তি পাচ্ছে রানী মুখার্জির আসন্ন চলচ্চিত্র ‘হিচকি’। হিচকি ছবিতে একজন শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে রানীকে। যার হেঁচকি ওঠার রোগ রয়েছে, যা তার পেশাগত জীবনে বড় বাধা। তবে শেষ পর্যন্ত তিনি সে হিচকি কীভাবে নিয়ন্ত্রন করেন সেটাই দেখার বিষয় এখন।
ইত্তেফাক/ রেজা