মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর (চান্দেরগুল) গ্রামের আজমত আলীর স্ত্রী কল্পনা বেগম (৪০) ও তাঁর শিশু সন্তান মাহফুজুর রহমান (০৫)।
শুক্রবার (২৬ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর-বিয়ানীবাজার (এলজিইডি) সড়কের অর্জুনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কল্পনা বিয়ানীবাজারে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। ঘটনার পর ট্রাক্টরসহ ঘাতক চালক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর (চান্দেরগুল) গ্রামের আজমত আলীর স্ত্রী কল্পনা বেগম তার স্বামী ও শিশু সন্তান মাহফুজুর রহমানকে সাথে নিয়ে সিএনজি চালিত অটোরিকশাযোগে বিয়ানীবাজারে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর-বিয়ানীবাজার (এলজিইডি) সড়কের অর্জুনপুর এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কল্পনা বেগম ও তাঁর শিশু সন্তান মাহফুজুর রহমান গুরুতর আহত হন।
আহত হন সিএনজিতে থাকা কল্পনার স্বামীসহ আরও দুইজন। তাদের সকলকে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কল্পনা ও তার সন্তানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরই ট্রাক্টরসহ ঘাতক চালক পালিয়ে গেলেও রাত সোয়া ১২টার দিকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১০টায় বলেন, ‘ট্রাক্টর ও সিএনজি ক্রসিংকালে এ দুর্ঘটনা ঘটে। তাদের লাশ বিয়ানীবাজার থানায় রয়েছে।’
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল মুন্সি রাত সাড়ে ১০টায় বলেন, ‘শনিবার (২৭ জানুয়ারি) ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বড়লেখা থানা আইনানুগ ব্যবস্থা নেবে।’
ইত্তেফাক/নূহু