গোপালগঞ্জে এলাকার অধিপত্য নিয়ে রিরোধের জের ধরে মাহাবুর মোল্লা (২৯) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় মাহাবুরের ভাই হাবিব মোল্লাকে (৩২) কুপিয়ে আহত করা হয়। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউপির বাহার গ্রামে এ ঘটনা ঘটেছে।
বাটিকামারী ইউপির ২ নং ওয়ার্ড মেম্বর মিরাজুল ইসলাম সাগর জানান, এলাকার অধিপত্য নিয়ে বাহারা গ্রামের আফসার মোল্লা ও আবুল খায়ের মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সন্ধ্যায় আফসার মোল্লার সমর্থক মাহাবুর মোল্লা ও তার ভাই হাবিব মোল্লা বাহারা বাজার থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলো। তারা দক্ষিণ বাহার পৌঁছালে আবুল খায়ের মোল্লার লোকজন তাদের ধরে আবুল খায়ের মুরগীর ফার্মে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আশংকা জনক অবস্থায় তাদের হাসপতালে নেয়ার পথে মাহাবুর মারা যায়। মাহাবুরের ভাই হাবিব মোল্লাকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. মাসুদ করিম বলেন, মাহাবুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বুকে কোপের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই মাহাবুরের মৃত্যু হয়েছে বলে জানান ওই চিকিৎসক।
মুকুসুদপুর থানার এস.আই সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশ হাসপাতালে রয়েছে। এলাকায় পুলিশের নিয়ন্ত্রণে আছে। পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/নূহু