গোপালগঞ্জ মুকসুদপুরে মুরগি ক্রয়ের জের ধরে মাহাবুল মোল্লা (৩০) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই হাবিব মোল্লা (৩৩)। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একই গ্রামের আফসার মোল্লার সঙ্গে আবুল খায়েরের বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার রাতে আফসার মোল্লার সমর্থক এসকেন মোল্লার ছেলে মাহাবুল মুরগি কিনতে যান আবুল খায়েরের ফার্মে। তখন মুরগি কেনাকাটা নিয়ে খায়েরের লোকজনের সঙ্গে মাহাবুলের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে খায়েরের লোকজন মাহাবুল ও তার ভাই হাবিবকে ওই ফার্মে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়। পরে তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুলকে মৃত ঘোষণা করেন। মাহাবুল ও হাবিব ওই গ্রামের এসকেন মোল্লার ছেলে।
মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, যে কোনো পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে এলাকায় ব্যাপক অভিযান চলছে।
ইত্তেফাক/এসএস