'২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎ দেয়া সম্ভব হবে'

 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিদ্যুৎ খাতের ক্রমাগত উন্নয়নের মাধ্যমে গত আট বছরে ৮০টি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের চলমান গতি অব্যাহত রাখার মাধ্যমে আমাদের রূপকল্প অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ দেয়া সম্ভব হবে। তবে, বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি আমাদেরকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে একথাটাও আমাদের মনে রাখতে হবে।
 
আজ শনিবার দুপরে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুরে বিদ্যুৎ লাইন সংযোগ একযোগে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
 
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নুরূল আলম ভুঁইয়া সভাপতিত্বে ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য  মিনহাজ উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে ত্রাণ মন্ত্রী আরো বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ নিয়েও বিএনপি সমালোচনা করে। আওয়ামী লীগ কাজ করে দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। সেসব কাজ নিয়েও সমালোচনা করে বিএনপি। তাই বিএনপির সমালোচনায় কান দিয়ে কোন লাভ নেই। বিএনপি যতই সমালোচনা করুক, আওয়ামীলীগকে দেশের জনগণ ভালোবাসে। আর জনগণের এ ভালোবাসা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয় লাভ করবে। অনুষ্ঠানে ১১টি ইউনিয়ন ও পৌরসভার ১৯টি অঞ্চলে একযোগে ৩৩কিলোমিটার বিদ্যুৎ লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে ব্যয় করা হয়  কোটি ৯৪লক্ষ ৬৭হাজার টাকা।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক, মতলব উত্তর উপজেলার ইউপি চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা শামছুল হক চৌধুরী বাবুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র রুহুল আমীন মোল্লা, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/এসএস