শিবগঞ্জে মোটরসাইকেল চুরি চক্রের মুলহোতাসহ গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

গ্রেপ্তারকৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার কালুপুর বেইলিব্রিজের টিপু সুলতানের ছেলে সুমন রেজা, দারিগাছী বারিকবাজারের হুমায়ন কবিরের ছেলে ইলিয়াস, চাঁদপুর মধ্যপাড়ার মৃত মোস্তফার ছেলে আহসান ও সাহেবনগর শান্তির মোড়ের শ্রী রঞ্জিতের ছেলে শ্রী সজিব। 

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শান্তির মোড় এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরি চক্রের মূলহোতাসহ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছে থেকে সব প্রকার মোটরসাইকেলের লক খোলার দুটি মাস্টারকিসহ ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন। 

আরও পড়ুন: সীতাকুণ্ডে চালককে শ্বাসরোধে হত্যা, প্রাইভেটকার ছিনতাইয়ের চেষ্টা

র‌্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে ২শ’ মোটরসাইকেল চুরির করার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

ইত্তেফাক/কেকে