কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সিএনজি শ্রমিক নেতা শাহ আলম (৩৮) ঘটনাস্থলে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মরিচ্যা পানবাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শাহ আলম খুনিয়াপালং দারিয়ারদিঘি গ্রামের মৃত- ঠাণ্ডা মিয়ার ছেলে।
শ্রমিক নেতা নিহত হওয়ার পর-পরই উত্তেজিত জনতা খুনিদের গ্রেফতারের দাবীতে কক্সবাজার-টেকনাফ সড়কের খুনিয়াপালং এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন। পরে স্থানীয় চেয়ারম্যান আব্দুল মাবুদ ঘটনার ন্যায় বিচারের আশ্বস্ত করলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।
সিএনজি সমিতির সভাপতি আবুল কাশেম জানান, সমিতির অভ্যন্তরীণ কোন্দলের ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/এসএস