‘‌পদ্মা সেতুর ফলে মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে’

 
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, পদ্মা সেতু বর্তমান সরকারের উন্নয়নের মহাপরিকল্পনার ফল। পদ্মা সেতুর ফলে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। 
 
আজ শনিবার সকালে কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের ৫৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবদুল হান্নানের সভাপতিত্বে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এসএম আলমগীর হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ বক্তব্য রাখেন। 
 
কামরুল ইসলাম বলেন, বিশ্ববাসী জানতে পেরেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে কারণেই কেবল এটা সম্ভব হয়েছে। যার ফলে আজ পদ্মা সেতু উম্মুক্ত হওয়া সময়ের ব্যাপার মাত্র। 
 
তিনি বলেন, বিগত বিএনপি জোট সরকার আমাদের উন্নয়নের সকল পরিকল্পনা মুছে দিয়েছিল। এ সরকারের ভালো কোনো কাজ তাদের সহ্য হয় না। তাদের সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা সম্ভব হয়নি। 
 
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষে ভাগ্যের উন্নয়ন চান। আপনারা চলমান উন্নয়ন ধরে রাখতে চাইলে শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে। তাহলেই কেবল দেশের ও সকল শ্রেণির মানুষের উন্নয়ন ঘটবে। বাসস
 
ইত্তেফাক/কেকে