মায়েরাই পারেন সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে: গণশিক্ষামন্ত্রী

 
সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে, শিশুদের বিদ্যালয়মুখী করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। ২০১৮ সালের মধ্যে গুণগত শিক্ষা নিশ্চিত করা হবে। 
 
কুড়িগ্রামের উলিপুরে শনিবার মা সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা বলেন। 
 
তিনি আরো বলেন, মায়েরাই পারেন, তার সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে। প্রত্যেক মা তার শিশুর জন্য দুপুরের খাবার ও সুন্দর পোষাক পরিয়ে বিদ্যালয়ে পাঠাবেন। এতে করে শিশুরা মানসিকভাবে শিক্ষার প্রতি মনোযোগী হবে।
 
সকাল ১০টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যাণ্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মা সমাবেশে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান  ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম।
 
উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক স.ম আল মামুন সবুজ ও উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাবেক এমপি আলহাজ আমজাদ হোসেন তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আল মাহমুদ হাসান, তবকপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুল, ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রাখিবুল হাসান সরদার।
 
এসময় উপস্থিত ছিলেন, সাবেক মহিলা এমপি শাহানাজ সরদার, সাবেক এমপি জাকির হোসেন, চাষি এমএ করিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক নেতারা। সমাবেশে উপজেলার ১৩টি ইউনিয়নের মা অভিভাবক, ম্যানেজিং কমিটির সভাপতিসহ অভিভাবকরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে বক্তব্য রাখেন। 
 
ইত্তেফাক/আরকেজি