বরিশালের গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। কলেজছাত্র ও ছাত্রলীগকর্মী সাকির গোমস্তা হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতারের পর থানা থেকে ছেড়ে দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ক্লোজড করা হয় বলে জানা যায়।
জানা গেছে, পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন দাখিল করার পর ওসি মনিরুলকে শুক্রবার রাতে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ২১ নভেম্বর দুপুরে কলেজছাত্র সাকিরের ওপর হামলাকারী ও হত্যা মামলার ৬নং আসামি ফাহিমকে ঘটনাস্থল থেকে ধরে গৌরনদী থানার এসআই শামচুউদ্দিনের কাছে সোপর্দ করে স্থানীয়রা। এরপর তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ওইদিন সন্ধ্যায় ফাহিমকে ছেড়ে দেন ওসি মনিরুল।
পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ওসি মনিরুলকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ওসি মনিরুল মাদক নির্মূলসহ বিভিন্ন কর্মকাণ্ডে অযোগ্যতার প্রমাণ দেয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। গৌরনদী থানার কাউকে ইনচার্জের দায়িত্ব দেয়া হয়নি। তবে থানার ইন্সপেক্টর (তদন্ত) আফজাল হোসেন আপাতত চলতি দায়িত্ব পালন করবেন।
ইত্তেফাক/আরকেজি