গাজীপুরের কাপাসিয়ায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগ লাইনে বিদ্যুতের খুঁটি স্থাপন করার সময় খুঁটির নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মনির হোসেন (২০)। তিনি বগুড়া জেলার গাবতলী থানার বুটিয়াভাঙ্গা এলাকার রিপন মিয়ার ছেলে।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) নিতাই চন্দ্র সরকার জানান, উপজেলার কড়িহাতা ইউনিয়নের গিয়াস উদ্দিন মেম্বারের বাড়ি হতে দরগাটেক এলাকায় দীর্ঘ দিন যাবৎ পল্লী বিদ্যুতের নতুন সংযোক লাইন স্থাপনের কাজ চলছে। সাব-কন্ট্রাক্টর শহীদের লোকজন গত শুক্রবার দুপুরে লাইন স্থাপনের জন্য ঠেলাগাড়ি যোগে বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছিলেন। পথে কবিরের বাজার মোড় সংলগ্ন পশ্চিম পাশে পৌঁছলে ঠেলাগাড়িটি উল্টে যায়। এ সময় শ্রমিক মনির হোসেন বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে।
অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে সহকর্মী শ্রমিকরা মনির হোসেনের লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যান। খবর পেয়ে কাপাসিয়া থানার এসআই শাহ্জাহান লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পরে নিহতের পরিবারের লোকজন মামলা না করে বিনা ময়নাতদন্তে লাশ নেয়ার আবেদন করলে একটি অপমৃত্যু মামলা রুজু করে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শনিবার দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/কেকে