ফরিদপুরের নগরকান্দায় ছেলেকে বাঁচাতে গিয়ে ফিরোজ খান (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামে এ ঘটনা ঘটে। ফিরোজ খান বানেশ্বর্দী গ্রামের নজীর আলী খানের ছেলে।
এলাকাবাসী জানান, স্থানীয় একটি বিলে বক শিকার করতে যায় বানেশ্বরদী গ্রামের ফিরোজ খানের পুত্র রসুল খান (১০) ও রাজুক গ্রামের রসু সিকদারের পুত্র হাসান শিকদারসহ (১২) আরো কয়েকজন। বিলের মধ্যে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ খবর পেয়ে ছুটে যান রসুল খানের পিতা ফিরোজ খান। সেখানে পৌঁছালে রাজুক গ্রামের লোকজন ফিরোজ খানকে মারপিট করে। এতে ঘটনাস্থলেই ফিরোজ খানের মৃত্যু হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, নিহত ফিরোজ খানের মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হযেছে।
ইত্তেফাক/ইউবি