সাতক্ষীরা সীমান্ত থেকে শনিবার এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। কালামুল্লাহ বাবলু (৬০) নামে ওই বাংলাদেশি শহরের মুনজিতপুর এলাকার মৃত রেজাউল করিমের ছেলে।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে ভোমরা সীমান্তের জিরোপয়েন্ট এলাকার একটি ব্রিজের নীচ থেকে বাবলুর লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল জিনস প্যান্ট, কালো গেঞ্জি, মাথায় উলেন টুপি ও পায়ে কেটস।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বাবলু গত ৭/৮দিন থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
ইত্তেফাক/আরকেজি