ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার্থীরা যাতে ভাল ফলাফলের সঙ্গে তাদের শরীর-মন সুন্দরভাবে গঠন করতে পারে।
শনিবার বিকালে উপজেলার জাঙ্গালপাশা হাজী আ. মজিদ একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিটি শিক্ষার্থীই যেন ভাল রেজাল্ট করে তাদের বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারে সেদিকে শিক্ষকদের নজর রাখতে হবে।
এ সময় নিক্সন চৌধুরী হাজী আ. মজিদ একাডেমিতে যাতে দ্রুত সময়ের মধ্যে একটি উন্নত ভবন নির্মাণ করা যায় সেই প্রতিশ্রুতি দেন।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেপ মাতুব্বর, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইলিয়াছ মিঞা, বিশিষ্ট শিক্ষানুরাগী আক্কাস আলী ফকির, খন্দকার মিজানুর রহমান, সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, মনিরুজ্জামান খান, আলমগীর হোসেন, সালেমা আক্তারী প্রমুখ।
ইত্তেফাক/ইউবি