পীরগাছায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

 
রংপুরের পীরগাছায় দুপক্ষের সংঘর্ষে আহত শাহিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
 
এলাকাবাসী জানান, উপজেলার ছাওলা ইউনিয়নে ১১ কিলোমিটার বাঁধ সংস্কার ও আড়াই কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ নিয়ে শনিবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১২ জন আহত হন। আহতদের মধ্যে শাহজাহান, শাহিন ও বাবুল নামে তিনজনকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে শাহিনের অবস্থা আশঙ্কাজনক হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। শাহিন উপজেলার কিশামত ছাওলা গ্রামের তছলিম উদ্দিনের ছেলে। 
 
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
 
ইত্তেফাক/ইউবি